সোহাগে বসন্ত - শিপ্রা কর্মকার

বসন্ত এসে গেছে ভালোবাসায় ভরিয়ে প্রাণ

রঙে রঙে রাঙিয়ে প্রকৃতির অনাবিল দান।
সোহাগে আদরে পাখিদের মধুর কলরব
মৃদু দখিনা সমীরণে অমৃত মধুর সৌরভ ।

রঙিন রূপে জড়িয়ে উড়ে যায় প্রজাপতির পাখা
ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন ভালোবাসা মাখা ।
সৃষ্টির উল্লাসে গোপনে ব‍্যস্ত পাখির বাসা বাঁধা
সুখ দিয়ে গেল ডাক ,মনে যে আছে শরম দ্বিধা !

বসন্তের মধুরাতে চন্দ্রমার আলোয় উদ্ভাসিত মনপ্রাণ
আলোলিকার আলোয় মাখা জ‍্যোৎস্নাসিক্ত স্নান ।
তরুলতায় শাখায় শাখায় কচি পাতার সমারহ
শিমুল পলাশ ডালে মিলনক্ষণে পাখির ডাক অহরহ‌।

অনুরাগে কোথায় তুমি কোথায় আমি বসন্তের আগমনে ?
ক্ষণিক আড়ালে নীরব ব‍্যথা, সুখসন্ধান আনমনে !
সুপ্ত বেদনায় আড়ালে লুকায় যত  মান অভিমান
বৃষ্টি ঝরা নয়ন জলে ভেসে যায় অবিরাম মন প্রাণ !

প্রেমসাগরে ডুব দিয়ে যায় উচ্ছ্বসিল  ঢেউ
আবেগে সোহাগে ভেসে  ফিরে যায় না কেউ !
নিত্য ঝরা  পাপড়ির মাঝে ফোটে কুসুম কলি
ভালোবাসায় মেতে গুঞ্জনে সব পলাতকা অলি ।

Comments

Popular Posts