বসন্ত- গ্রীষ্ম সংবাদ - মাম্পি সরকার

 ঝরে যাওয়া বসন্ত

বিলাপ করে 

কালবৈশাখীর কাছে,

তোমার কাছে 

কিশলয়ের সুখ আছে

আমার কাছে আছে শুধু

শুকনো পাতার

মর্মর ধ্বনি

আম, জাম, কাঁঠালরা সব

তোমার মাথার মণি।

বৈশাখ বলে হেঁকে

শোন ওরে ভাই

কৃষ্ণচূড়ার রঙিন নাচন

আমার মাঝে নাই।

লোকে তোকে চায় শুধু

আমায় বলে যা

গ্রীষ্মের এই তপ্ত জ্বালা

সইতে পারিনা। 

প্রেমের রঙে রঙিন তুই

আবিররঙা নয়ন

আমায় দেখে বলে লোকে 

তপ্ত বিকট বদন।

পৃথিবীমা বলে ওরে

তোরা দুজন সুজন।

ঝগড়াখানি বন্ধ কর

করিসনা আর কুজন।

Comments

Popular Posts