একক সংলাপ- অজয় কুমার দত্ত

 ঘুম নেই ভাবি কেন চোখে!

পাখা মেলে দেয় নিশীথিনী

ফাগুন আকাশে রাতপাখিদের মতো।

হবে না সময় এরপর~

দু’চোখের পাতা নামাবার!

ঘুম নেই ভাবি কেন চোখে!

এখনো চৈতী হাওয়া

কথা কয়ে যায় কানে কানে

এখনো বসন্ত শেষে

সাদা ফুলেরা অস্ফুটে ফোটে আনমনে

কেউ শোনে না কেউ শোনে না

কেউ শোনে না তাদের সে নিরুপম শব্দ!

শুধু শুনি আমি একা।

ঘুম নেই ভাবি কেন চোখে!

হয়তো এটাই ভালো রাতভোর ঘুমহীনতার সাড়া

হয়তো বাসবে ভালো রাতের অনূঢ়া যত তারা

হয়তো মেঘের রথে

উড়ে যাবে ছায়াপথে

মৃগশিরা অনুরাধা স্বাতীরা হবে স্বয়ংবরা।

এখনো শেষের রাতে

রাতজাগা পাখি গায় গান

এখনো ভোরের আগে

ম্লান চন্দ্রমার সরোদে বিদায়ী স্বরতান

কেউ শোনে না কেউ শোনে না

কেউ শোনে না তাদের সে সরগম হয়ে স্তব্ধ!

শুধু শুনি আমি একা।

ঘুম নেই ভাবি কেন চোখে!

ঘুমে অচেতন সারা পৃথিবী

আকাশে সপ্তঋষি মন্ডলে মেঘরাশির মতো।

শোনে নি স্তব্ধতার শব্দ~

বঞ্চিত হয়ে রয় অনিবার।

ঘুম নেই তবু আমি সুখী~

না পাওয়ার দুঃখ সইতে হয় নি বারবার !

পূর্ণ হয়েছে মোর প্রাপ্তির সম্ভার !

Comments

Popular Posts