বসন্তদিন - বাহানা_বিবেক
আয়নামতির সোহাগ নিয়ে
প্রেয়সী বাঁধে ছন্দ নিবিড়;
কলতানেরা ক্লান্ত হলে
মনপরাগে ভাবনাদের ভিড়।
মৃদু বাতায়ন আগলে রাখে
শখের ওই চিলেকোঠা কোণ;
সময় পেলে গল্প লেখে
অনুভব আর অকালবোধন।
রোদেলা মুহূর্ত জড়িয়ে রাখে
তোর প্রতিটি নীরব নিনাদ;
বসন্তের পরাগ আলসেমি ভুলে
ঢেকে রাখে মোদের সমস্তভাগ।
শুভক্ষণ আসবে নেমে জানি
মহাশয়া তৃপ্ত হবে আগের মতো;
বসন্তদিন ডেকে নেবে আমাদের
নিভৃতে। জুড়োবে সকল গোপন ক্ষত।
আলোর সাথে হাসবে মন
রঙিন হোক প্রতিটি উপমা;
বেলাশেষে আশ্রয় যখন বাহানাগুলো
বৈভবে ঋদ্ধ হবে নিরুপমা।


Comments
Post a Comment