আমার চেনা এই তারারা অবস্থান বদলায়া না - সোমনাথ সিংহ রায়

 

এমনিতে আমি খুব ধীর স্থির 

যদিও আমার মনটা ভীষণ চঞ্চল

মনের এতো ছটফটানি কেন?

সময় কি অন্তিম প্রায়?


নাকি, সময় সম্পর্কে সম্যক ধারণার অভাব!


বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়লে

ধূলো বালি ময়লা সব সাফ হয়ে যায়

আর ভিতরে বৃষ্টি পড়লে মন ধূয়ে যায়?


মন ধোওয়া নোংরা জল কি 

আবার ব্যবহার যোগ্য হয়? নাকি,

শুধুমাত্র ঘর ওয়াপসি!


আমার ঘরে কোন আয়না রাখিনি

পাছে নিজেকে চিনতে পারি!

চেনা আমি থেকে অচেনা আমি অনেক শ্রেয়,

অন্তত আমার কাছে!


সূর্যালোক নিজের ছায়া পিছু ছাড়ে না

ছায়াকে যে ভীষণ ভয় পাই!

তার চেয়ে আঁধার অনেক ভালো, কিছুটা নিরাপদ ও বটে!

অন্তত নিজেকে দেখা যায়না!


তারাগুলো সব মিটিমিটি জ্বলে

ওরা বোধহয় সবকিছু দেখতে পায়?


চাঁদনী রাতে দৃষ্টি বহুদুর যায়

নিজেকে দৃষ্টির আড়ালে রেখে

যদিও পিছন ছাড়েনা ছায়া নিজেকে উলম্ব রেখে!


নিশুতি রাত্রি আমার খুব প্রিয়


নিশুতি রাতের আকাশ আমায় ডাকে

যেন তারাগুলো চেনা চেনা, বড় আপনজন

ওরা বরাবর একই জায়গায় থাকে

যখন তখন অবস্থান ফেলেনা বদলিয়ে


নিশুতি রাতে আরো উজ্জ্বল হয় তারা

দূর থেকে যেন হাতছানি দিয়ে ডাকে

মনে পড়ে যায় পিছনের সব কথা, চিত্রবত


সবটুকু অতীত তারারাই বুঝি বা জানে?


চাঁদ তো চেনে আর চেনায় নিজেকে

বড্ড অহঙ্কার তার, কত না আত্মপ্রচার!

সংখ্যাগুরু তারা থেকে যায় আড়ালে

নিশুতি রাতে তারারা অনেক বড়ো হয়ে যায়


আমায় একান্তে পথ চেনায়।


ভোর হতে এখনও কিছু বাকি------


রাত্রি দিনের এই মৈথুন ক্ষণে

তারারা এখন হারিয়ে যেতে চায় শুধু,

স্মৃতির খেরোখাতা থেকে উঠে আসা দুটো তারা

ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতরো হয়


নিজেকে স্পষ্ট দেখা যায়, প্রতিবিম্বিত ওই দুটি ফিরে পাওয়া চোখের তারায় 


আমার অবয়ব ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়।

Comments

Popular Posts