আজকে হোলি " - শ্রী অমিতাভ কর

 আকাশ পানে মুখ উঁচিয়ে , শিমুল ডাকে - সই ...

ঘুম ভেঙে দ্যাখ চারিদিকে , লেগেছে হইচই॥

আজকে সারা গ্রাম শহরে , বসবে রঙের মেলা ,

সবাই মিলে রঙ মেখে সঙ - কাটিয়ে দেবে বেলা॥

মনের রঙ আর ফাগের রঙ , দুটোয় মিলে মিশে ,

ফুটবে যে রঙ ক্যানভাসেতে , তার তুলনা কিসে!!

সক্কলে আজ খেলবে হোলি , আবির গুলাল নিয়ে ,

হৃদয়টাকে রাঙিয়ে দেবে , রঙের প্রলেপ দিয়ে॥

মুছে যাবে মান অভিমান , রঙের পরশ পেয়ে ,

দুঃখ ভুলে নতুন সুরে , উঠবে যে গান গেয়ে॥

সে গান শুনে সবার মনে , জাগবে নতুন আশা ,

ক্যানভাসেতে উঠবে ফুটে , রঙ বেরঙের ভাষা ॥

বনের মাঝেও গাছগুলোতে , লেগেছে রঙের ঢেউ ,

রঙ না খেলে মুখ ফিরিয়ে , থাকবেনা আর - কেউ॥

কৃষ্ণচূড়া , পলাশ , শিমুল পেয়ে নতুন প্রাণ ,

রঙের স্রোতে ভাসিয়ে ডিঙা , গাইবে হোলির গান॥

রঙিন ভোরে চোখ বুজিয়ে ,কে আর পড়ে রবে ?

আয় ছুটে আজ সবার রঙে, রঙ মেলাতেই হবে॥

Comments

Popular Posts