Page 59 ( mrittikawebmag ) পৃথিবী_আবার_শান্ত_হবে - অংশুমান রায়
----------------------------
.....কয়েকটা তো মাত্র দিন, তারপর আবার আড্ডা জমবে পাড়ার ক্লাবে।
প্রেমিকার হাত ধরে সাবধানে রাস্তা পার করবে দায়িত্বশীল প্রেমিক। চায়ের
দোকানে মেসি-রোনাল্ডো,কোহলি -স্মিথদের নিয়ে আগের মতোই গল্প শুরু হবে।
একজন অন্য-জনকে তার ঘরে বন্দী দশার অপ্রিয় অভিজ্ঞতার কথা বলতে বলতে একটা
দেশলাই কাঠিতেই দুটো সিগারেট ধরিয়ে নেবে।
প্রায় একমাস পর ওর অংশুমান স্যারকে দেখা মাত্রই অদ্রিজা স্যারকে জড়িয়ে
ধরবে..আর এই ছুটিতে মায়ের কাছে করা সব ড্রইংগুলো দেখিয়ে জানতে চাইবে, ''
ও স্যার, কেমন হয়েছে গো?''
স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আবার ক্লাস শুরু হবে।
ছাত্র ছাত্রীরা ক্যান্টিনে বসে একটা রুটি তিনজন মিলে ভাগ করে খাবে।
নির্ভীক ভাবে বন্ধুকে জাপটে বুকের মাঝে ধরে বলবে, ''ফর্গেট অ্যাবাউট
এভরিথিং, তুই এক লাইনে আমায় বল যে এই কদিনে কটা প্রেম করলি''।
মানুষ আবার অফিস, কোর্ট, কাছারি যাওয়া শুরু করবে। রকে বসে প্রধানমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর নামে খিল্লি করতে করতে 'জয় শ্রীরাম', মা-মাটি-মানুষ,
গো-মূত্র সমস্ত কিছু নিয়ে অট্ট-হাসির রোল উঠবে।
মানুষগুলো বাড়ি থেকে রাস্তায় না নামলে ট্রাফিক জ্যাম হয় না, আর জ্যাম
ছাড়া ফাকা রাস্তাটা বড্ড বেমানান৷ আর কদিন পরেই আমরা আবার একসাথে কাজের
জায়গায় ফিরে যাবো শহরের রাস্তাগুলোয় ভীড় জমাবো...একসাথে বাঁচবো।
তবে এবার সমস্ত লড়াই, ক্ষোভ, ক্রোধ, অভিযোগ ও অভিমানকে করোনা ভাইরাসের
সাথেই অনেক দূরে পাঠিয়ে দেবো। আমরা ফিরবো সবার জন্য ভালোবাসা নিয়ে। বেঁচে
ফিরে আসার পর মানুষের গালে মুঠো ভরা ভালোবাসার অদৃশ্য আবির মাখিয়ে এবছরের
মন খুলে হোলি উদযাপন করতে না পারার আক্ষেপটাও মিটিয়ে নেবো।
কিন্তু তার আগে পর্যন্ত ভাল থাকুন। সুস্থ থাকুন। ঘরে থাকুন। সরকারী আদেশ
মেনে চলুন...


Comments
Post a Comment