Page 53 ( mrittikawebmag ) বিশ্ব রহস্য - চম্পা সর্দার
অসীম শূন্যের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ এই বিশ্বের আণবিক মানবজাতি। অস্তিত্ব সম্পর্কে বরাবরই নিজেকে জাহির করে এসেছে এই মহামানবের দল। নির্দিষ্ট নিয়মের কক্ষপথে ঘুরতে থাকা বিশ্বকে কখন যেন সমস্ত গতির ঊর্ধ্বে নিয়ে গেছে সে। ভুলে গেছে রক্ত, মাংস, বিবেকের কথা। ভুলে গেছে দায়িত্ব, কর্তব্য, কর্মের কথা। ভুলে গেছে প্রকৃতির নিয়ম অনুপাতের কথা। ক্রমশঃ নিজেকে প্রতিষ্ঠা করেছে বিশ্ব বিধাতায়।
লক্ষ্য একটাই। গতি, আরও গতি।
"থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।"
ঘূর্ণিপাকের মধ্য দিয়ে নিজের পথ করতে গিয়ে অনল-অনিল, মহীরুহ-মহাকাশ, পাতাল-পর্বত সমস্ত কিছুর বাধাকে নস্যাৎ করে পৌঁছে গেছে খ্যাতির শীর্ষে।
ধন, দৌলত, জ্ঞান, বিজ্ঞান, ছাপিয়ে অসীম ক্ষমতায় হয়ে উঠেছে একম এবং অদ্বিতীয়ম।
যুগান্তরের ঘূর্ণিপাক কখন যেন পাকে পাকে জড়িয়ে বিপাকের গাঁটছড়া বেঁধেছে টের পাওয়া যায়নি। কারণ, বহু পূর্বেই সমস্ত রকম সম্পর্কের অনুভূতিগুলো উধাও হয়ে গেছে মহাশূন্যে।
নিয়মেরে অনিয়ম মানি যদি-
নিজেরেই সদা টানি পিছে;
মৃত্যু সেতো অযথা বিলাপ নয়,
অহমিকার অপলাপ শুধু মিছে।
কিন্তু উপলব্ধি! সে তো পাতালপুরীতে সোনার কাঠি, রুপোর কাঠির জন্য অপেক্ষা করছে জন্মান্তর যাবৎ।
এত দিনে পরমাণুর বিস্ফোরণে অনুমেয় অণুজীব পর্যন্ত শ্বাস নিতে ভুলেছে। পরজীবী বিকলাঙ্গ জীবাণু সতেজ সরস হয়ে উঠেছে আস্ফালনের আতিশয্যে। পৃথিবীর কোষে কোষে ছড়িয়ে পড়েছে অশনি সংকেত মারাত্মক ঘুনপোকার মতো। কুড়েকুড়ে খেয়ে শেষ করেছে অহংকারী মেরুদন্ড।
মহান মানবজাতি আজ তার প্রাণ ভিক্ষা চায়। যা তার নিজের, একান্তই নিজের। দেশ, কাল, সাম্রাজ্যের বিনিময়ে ফিরতে চায় নিয়মের কক্ষপথে।
চাই বলেই পাই যদি তারে হাতে
তবে মহাশূন্যের কিবা প্রয়োজন,
আপন হাতেই যত্নে সাজিয়েছি
যত আপন মৃত্যুরই আয়োজন।
অলক্ষ্যে হাসে বিশ্ব রহস্য। আর কিছুদিন প্রাণ ভরে নিঃশ্বাস নিক পৃথিবী। তারপর, ভেবে দেখা যাবে অযাচিতের প্রার্থনা।
আপন হাতে গড়া সন্তানের জীবন ভিক্ষার আকুতি পৌঁছায় মৃত্যু দূতের কানে। এবার কিছু বিনিময়ের আয়োজন করা যাক।
লোভ, হিংসা, দ্বেষ মুছে দাও।
বিনিময়ে
বিশ্বাস, ভরসা, ভালোবাসা নাও।
লজ্জায় মাথা নিচু করে দুহাত বাড়ায় নিঃস্ব মানুষ...
কথা দিলাম-
মানুষ হয়ে বেঁচে থেকে আরও কিছু কাল
শোধ করবোই বিশ্বের ঋণ,
বিবেকের কারাগারে বন্দী থাকবে ক্ষত
সময়ের নির্যাসে আসবে সুদিন।


Comments
Post a Comment