page 43 ( mrittikawebmag ) এবং মানসী - বিষ্ণুপদ চৌধুরী
আজকাল আমি আর ভালো নেই মানসী।
একটা অপরাধবোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে -
আগের মতো আমি আর তোমাকে ভালবাসতে পারিনা-
কেন তা বলতে পারব না - জানিনা ভালোবাসা
আমাকে ছেড়ে চলে গেলো কিনা!
আজকাল ভালোবাসার নাম শুনলে---
একটা চাপা দীর্ঘশ্বাস আমাকে দম বন্ধ করে দেয়।
তুমি আমার আশা ত্যাগ করো মানসী---
এ সম্ভব নয়। বেকারদের ভালোবাসতে নেই --
বেকাররা ভালোবাসার দাবীদার হয়েও যেন মাঝপথে
আটকে যায়--- থমকে দাঁড়ায় জীবনের প্রবাহ।
আজকাল আমি মোটেই ভালো নেই মানসী---
মানিব্যাগ শুধুই ছেঁড়া কাগজে ভর্তি ---
তোমার দেওয়া ঠিকানা-কার্ডটিকে সযত্নে
আর রাখতে পারলাম কই?
গোলাপের চারা কিনতে গিয়ে কী অপমানিতটাই না
হতে হল আমাকে আজ--মুখ নামিয়ে চলে আসা
ছাড়া আমার আর কিছু করার ছিল না।
আজকাল আমার আর ভালো থাকা হয় না মানসী---
টিউশনটাও আজ ছেড়ে দিলাম--
'আমি নাকি সেকেলে, পড়াতে পারি না'- দিলাম
তাই রাগের মাথায় জবাব দিয়ে, ওটুকুই তো ছিল বাকী ---
তুমি আমায় ত্যাগ করো মানসী -- আমি অযোগ্য, অক্ষম।
একমুঠো রোদ তোমাকে কোনদিন এনে দিতে পারিনি---
পারিনি সোনালী বিকেলে রোদ ছিটানো শান্তিনিকেতনে
তোমাকে শান্তির পরশ দিতে।
অমল, কমল, বিমল এবং ইন্দ্রজিৎদের মতো আর
হতে পারলাম কই ?


খুব সুন্দর লেখা
ReplyDelete