page 28 ( mrittikawebmag ) জাগো নব আনন্দে - অনুপ কুমার বণিক
খুব কষ্ট হচ্ছিল তোমার ।
বেঁচেছিলে তুমি -
দম বন্ধ করে, নির্জীব হয়ে।
বোঝতে পারিনি , বা
করিনি বোঝার চেষ্টা।
কারণ সেটা করতে গেলে
স্বার্থপরের মতো ,
নিজের ক্ষণিকের সুখ ও
বিলাসিতায় পড়তো ভাঁটা।
তিল তিল করে
তোমার ফুসফুসের রন্ধ্রগুলি
হচ্ছিল বন্ধ
ঘন কালো বাষ্পে ।
বিজ্ঞানের হাত ধরে -
তোমাকে নিংড়ে নিয়েছি ,
ভাবীকালের কাছ থেকে ।
উত্তর- প্রজন্মের কাছে ,
জবাব দেবার -
পথ খোলা রাখিনি।
তোমাকে হারাচ্ছিলাম
হয়তো বা তোমাকে ক্ষয়িষ্ণু করে
নিজের কফিনেই পেরেক ঠুকছিলাম ।
আমার মেকী জ্ঞানের বহরে
তোমায় অনুধাবন করতে গিয়ে
কখনো ন্যায় করিনি।
কিন্তু প্রাচ্যের সেই অমোঘ মৃত্যুদূতের ঘন্টা
আজ থামিয়ে দিয়েছে
আমাদের অন্যায় অত্যাচার ।
স্তব্ধ আজ সব আধুনিকতা ।
বিজ্ঞান এখন
সুখ ছেড়ে স্বস্তির খোঁজে।
আয়েশ ছেড়ে,
বাঁচার তাগিদ -
কুরে কুরে খাচ্ছে আমায়।
সমস্ত স্বত্বা আজ বিবশ ।
ফিরে আসছি -
আবার তোমার কোলে ।
তোমার রূপ, তোমার রস, তোমার গন্ধে
আবার খুঁজে পাই
ফেলে যাওয়া সেই দিনের মিঠাস ।
তুমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ
আমার লালনকারী 'প্রকৃতি '।
তোমার তাজা প্রশ্বাস
ছড়িয়ে যাক আমাদের
সবার ফুসফুসে।
গাছ -পালা , জন্তু জানোয়ার
সব জীবকূল বুক ভরে
নিক মিষ্টি হাওয়া।
আর তোমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি -
মানব
আজ মৃত্যুর করাল থাবা থেকে
বেরিয়ে এসে বেঁচে -
জেগে উঠুক নবআনন্দে।


Comments
Post a Comment