page 23 ( mrittikawebmag ) ধানসিঁড়ি - সোমনাথ সিংহ রায়
কতই তোমার বয়েস বল এক কুড়ি দু'কুড়ি
শক্ত হাতে ধরতে পারো
এখন ধানসিঁড়ি
দিগন্ত মিশ খেয়েছে সবুজ চিত্রপটে
হলুদ বর্ণ মিশিয়ে দাও
নীলাম্বরীর সাজে
কানটা তোমার পড়ে থাকে
কখন শুনবে বলে
ঠুনঠুন ঐ চুড়ির আওয়াজ
আলপথেতে আসে
এইতো তোমার ভালোবাসা
মাটির গন্ধ মাখা
অলংকার বলতে কেবল
ধানসিঁড়িটা রাখা-------
এখন তোমার বয়েস কত
দু'কুড়ি তিন কুড়ি
প্রাতঃরাশ বলতে কেবল
এক জামবাটি মুড়ি
চুলে তোমার পাক ধরেছে
ভেঙ্গে গেছে গাল
তবুও তোমার শক্ত হাতে
আঁকড়ে থাক হাল
চিত্রপটে বুনছ তুমি হলুদ পাকা ধান
নতুন সুরে রচছো এখন
নবান্নের ই গান
ভালোবাসার নাম কি তোমার
'ওগো' 'খোকার মা'
ভালো মন্দ বাক্যালাপের
সময় মেলে না
সকাল থেকে রাত্রি অবধি
উদয় অস্ত শ্রম
মাটির গন্ধ মেশা তোমার
ধানসিঁড়িটাই প্রেম
এখন তোমার বয়েস কত
তিন কুড়ি সাড়ে তিন কুড়ি
সবার কাছে তোমরা
কেবল বুড়ো বুড়ি
সময় বেয়ে অজান্তেই কখন
বয়েস বেড়ে গেছে
অতীত বলতে চোখের সামনে
ধানসিঁড়িটাই ভাসে--------


Comments
Post a Comment