page 11 ( mrittikawebmag ) পৃথিবী একদিন সুস্থ হবে © গাজী তৌসিফ সাইফ

আকাশের মত বিশাল অরাজকতার প্রকাণ্ড আস্ফালনে
মিথ্যা আর অন্যায়ের সুউচ্চ পাহাড় চূড়া হতে
নোংরা ঝর্ণার খরস্রোতের প্রবাহের মতো
হিংসা ও বিদ্বেষ এর ধারা যতদিন শুখিয়ে না যাবে;
বোমারু বিমান দ্বারা ধ্বংসপ্রাপ্ত নগরগুলোর সভ্যতা
যতদিন পুরাতন ছন্দে ফিরে না আসবে,
পারমাণবিক বোমা গুলো যতক্ষণ পর্যন্ত না
আটলান্টিকের অতলে ডুব দিয়ে মরবে;
ধর্মের নামে যতক্ষণ পর্যন্ত মানবতার মৃত্যুদণ্ড জারি থাকবে,
ততক্ষণ পর্যন্ত মানবের হুবহু অবয়বে
বিশ্বব্যাপী নিকৃষ্ট পশুরা কারাগারে রুদ্ধ হয়েই
থাক।

বন্যপ্রাণ গুলো যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির ময়দানে
নিজেদের অস্তিত্বের লড়াইয়ে প্রাণপনে জিতবে,
সাগরের বুকে যতক্ষণ পর্যন্ত না বিশুদ্ধ স্রোতে
মৎস্য গুলো আবার আগের মতো আনন্দ জোয়ারে ভাসবে;
যতক্ষণ পর্যন্ত না সবুজ অরণ্যগুলোর বুকে কৃত্রিম দাবানলের অগ্নিশিখা চিরদিনের মতো নিভে যাবে,
ততক্ষণ পর্যন্ত মানুষরূপী জঘন্য পশুর দল গৃহবন্দী হয়েই থাক।

যতদিন নিপীড়িতরা অনাহারে মরবে,
যতদিন পর্যন্ত নির্মম বুলেট পুতুলের মতো
শিশুদের নিষ্পাপ রক্ত নিয়ে খেলবে;
যতদিন পর্যন্ত মহারাজগন সমাধানের পথ রূপে
বার বার নৃশংস যুদ্ধকে বাছবে,
ততদিন, ক্রমে জন্তু হয়ে যাওয়া মানুষের দল আবদ্ধ হয়েই থাক।

সূক্ষাতিসূক্ষ্ম জীবাণুর দেওয়া শিক্ষা থেকে বিশ্ববিবেক
যখন একদিন  ফিরবে চেতনায়;
যখন বিশ্বব্যাপী চিরকালীন শান্তির সন্ধি স্বাক্ষরিত হবে,
মিথ্যার গলা কেটে যখন সত্য প্রতিষ্ঠিত হবে,
যখন শহরের রাস্তায় রাস্তায় ন্যায়ের বাতি জ্বলবে;
আমি চাই সেইদিন অথৈ সাগর জলে
এই অতিমারি পশ্চিমা সূর্যের মতো অস্ত হয়ে যাক!
  

Comments

Popular Posts