page 09 ( mrittikawebmag ) ধোলাই কাহিনী• অজয় কুমার দত্ত

ধুচ্ছি মোরা ধুচ্ছি দেখ
ধুচ্ছি যে হাত সবসময়
ময়লা হাত শুকনো হাত
ভেজা হাতও ধোলাই হয়।
ধুচ্ছে যে হাত লাইন দিয়ে
আবালবৃদ্ধবনিতা
মন্ত্রী শান্ত্রী ভিখিরি ধনী
সুস্থ পাগল শুনি তা।

বাড়ির ভেতর কর্তা গিন্নী
কুচোকাচা ছেলেমেয়ে
খাওয়ার আগে খাওয়ার পরে
কিংবা খাবার না পেয়ে।
অ্যাদ্দিন যে ধুতোনা হাত
টয়লেটটাও ঘুরে এসে
সেও দেখি ঘড়ির কাঁটা
মিলিয়ে হাতে সাবান ঘসে।

ঘুমের ঘোরে অ্যালার্ম দিয়ে
পাশে রাখা মোবাইলে
সারারাতে তিন চারবার
অনেকেই উঠে হাত ধুলে।
ধোওয়ার চোটে যাচ্ছে উঠে
হাতের রেখা তাক বুঝে
জ্যোতিষী আর পায়না খুঁজে
বাঁকাত্যারা দাগ খুঁজে।

কার করুণায় করোনা এসে
গাড়লো ঘাঁটি এদেশে
মগজ ধোলাই করছে সবার
আড়ং ধোলাই দিয়েছে সে।
কলের জল প্রচুর লাগে
পাম্প বারবার চলছে তো!
মাটির তলে জমা জলে
বাকি জীবন চলবে তো?

Comments

Popular Posts