page 06 ( mrittika-webmag) - সীমানা পেরিয়ে - গোবিন্দ মন্ডল

তৃতীয়ার একফালি চাঁদ-
একটি সাঁঝের তারা সাঁঝবাতি যেন,
মেঘে ভরা আকাশের বুকে জেগে আছে।
চেয়ে আছে আর্ত পৃথিবীর পানে
বড় করুণায়;
গোধূলি নিয়েছে বিদায়,
মেঘেরাও গেছে সরে সরে
বহুদূরে;
ফুটে ওঠে ধীরে ধীরে আরও কত তারা
নীল আকাশের বুকে।
তবু কেন বিষন্নতায় ভরে ওঠে মন-
হুঁ হুঁ করে বুক
যেন ফাঁকা মাঠ;
বাতাস ইচ্ছে মতো ছুটে চলে যায়,
বলে যায় ফিরে চলো মন
নিজ নিকেতনে-
লকডাউনে রেশনের দোকানে কিংবা মুদির দোকানে,
সারি দিয়ে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছে যারা ভরা রোদ্দুরে,
কিংবা কাজের মাসি ক'টাদিন আসেনি তাই গিন্নির রাগ,
ফেটে যায় ধরিত্রী যেন বজ্র গর্জনে।
রাগ শুধু হয়না ঐ রাস্তায় সবজিওয়ালার,কিংবা মাছের দোকানীর,
ভুখা পেটে রাগ করা দিনমজুরের 
মানায় নাকি?
ভালো থাকো পৃথিবী-
বাঁকা-সময়ের সীমানার গন্ডি পেরিয়ে,
আমিও ফিরে চাই আকাশের পানে,
দেখি চেয়ে কোনো অভিমানে-
তৃতীয়ার চাঁদ আর সন্ধ‍্যাতারা এক অবসরে নিয়েছে বিদায় যেন বড় চুপিচুপি।

Comments

Popular Posts