page 02 - সম্পাদকীয় কলমে
বসময়ের বালুচরে আমাদের সমকাল
সুক্তি কুড়িয়ে নিতে নিতে কেটে যায় বেলা;
হঠাৎ কখন জাগে উত্তাল তরঙ্গ প্রবাহ খেলা
এই কি তোমার ক্রান্তিকাল, হে মহাকাল?
~মৌলি
সুপ্রিয় পাঠক,
সহস্রাব্দ অতিক্রমণের পরও কালের সাগরে বারবার উত্তাল নতুন ঢেউ এসে ছুঁয়ে যায় জীবনজমিন- আমরা ভেসে থাকি সেই ঢেউয়ে, সেই কালে যে আমাদের সমকাল।হারিয়ে যাওয়া সময় জানে তারই গর্ভজাত সমকাল, সমকাল জানে প্রতীতিতে তার ভিত্তিমূলে অনাগত কালের সৃজনকথা লিখছে মহাকাল।ঢেউয়ের দোলে বদলে যেতে থাকে বিশ্ব পরিস্থিতি, আসে পরিবর্তন কাল, আসে উত্তরণকাল - কখনো বা সে আসে সংক্রমণ পরিস্থিতিতেও মারণব্যধির হাত ধরে ....
প্রতীক্ষা ও ব্যবধানে ভরা স্ব-নির্বাসনের দিনগুলি গুণতে গুণতেই বইছে আমাদের এই সমকাল;
কোটরবাসী ব্যকুল প্রাণ মুক্তি খোঁজে, কিন্তু মুক্তি কখন ছুঁয়ে যাবে হিসেব শুধুই সময় জানে ।ভাঙা-গড়ার এক আলো-আঁধারিময় কঠিন সময় হয়ে এসেছে আমাদের সমকাল।চতুর্দিকে বড় অস্থির এ'সময় - তবুও জীবন তার স্বধর্মে চ্যুত নয়, পরিপূর্ণ ঘ্রাণ নিতে চায় সমকালের। নিত্য পূর্ণ প্রাণ আন্দোলিত ও পল্লবিত সমকালীনতাকেই ছুঁয়ে থেকে।
কিন্তু সংশয়ী প্রশ্ন তুলছে প্রাণ আজ, এ'সমকাল কি এসেছে ক্রান্তিকাল হয়ে? প্রশ্ন চিহ্নে দোলে পেন্ডুলামের দোলন....
জীবন-মৃত্যুর আলো-আঁধারিতে দিশেহারা টুকরো খন্ডচিত্রে আঁকা হয় ধীরে - আমাদের সমসাময়িকতার চিত্র - সেখানে পতন অভ্যুদয়ে ভরা বন্ধুর পথযাত্রায় ভিড় করে দাঁড়ায় পৃথিবী জুড়ে মারণখেলার পাশাপাশি আশাবাদী মনের জীবন বন্দনা গীতিও, সঞ্চারীতে তার চমৎকার সুরবিস্তার প্রয়াস। আসে প্রথম অস্কার বিজয়ী বাঙালী ভারতীয়, বিশ্বজিৎ সত্যজিত রায়ের জন্ম শতবর্ষ পরিক্রমণের সবিশেষ গৌরবোজ্জ্বল মুহূর্ত, আসে রবীন্দ্রজয়ন্তীর মতো বাঙালিজীবনের পবিত্রতম মুহূর্ত, রেখে যেতে অনুভাবী শব্দোচ্চার প্রেরণা জীবনখাতার পাতায়। আসে আমাদের চিরচেনা তবু চিরসুন্দর চির নতুন পল্লীবাংলা তার চিরন্তন সমকালীনতার আবেদন নিয়ে।সমৃদ্ধ জীবনের ভান্ডার থেকে রসদ নিয়ে গড়ে ওঠে সৃষ্টির নিয়মে এক সমকাল কোলাজ। টুকরো টুকরো এই খন্ডচিত্রে মহাকালের মতোই গেঁথে চলেছি আমরা আমাদের এই সমকাল - সমসাময়িক জীবনকে ছুঁয়ে থেকে পতন অভ্যুদয় ভরা জীবনের কথা।
সেই খন্ডচিত্রের কোলাজ শব্দাক্ষর সমাহারে সেজেছে আজ আমাদের মৃত্তিকা পরিবারের নববর্ষ সংখ্যা ''সমকাল কোলাজ''-এ সাহিত্যমনস্ক সুধীজনের দরবারে পৌঁছানোর অপেক্ষায়। সম্পাদিকার আসনে বসে নয়, সাহিত্যানুরাগী হৃদয়ের আবেদন নিয়ে বলি, ভালো লাগলে ''সমকাল কোলাজ''-কে সাহিত্যমনস্ক মানুষের দরবারে ছড়িয়ে দিন যথাসম্ভব ---
ঊষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসায় রঞ্জিত হোক আমার সকল পাঠকহৃদয়,
মৌলি বণিক।। (সম্পাদনা দপ্তর থেকে)



Comments
Post a Comment